বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের ওঠার আনন্দকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে কেনা একটি মহিষ জবাই করে স্থানীয়দের জন্য ভূরিভোজের ব্যবস্থা করেন স্পেন-সমর্থকেরা।রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার কাদিরপুর বাজারে এ আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোজের পাশাপাশি বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন বিভিন্ন দলের সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই কাদিরপুর এলাকায় স্পেন-সমর্থকেরা বড় বড় পতাকা টাঙিয়ে নিজেদের সমর্থনের জানান দিয়ে আসছিলেন। দলটি ফাইনালে জায়গা নিশ্চিত করার পর প্রবাসী ও স্থানীয় সমর্থকদের উদ্যোগে কুষ্টিয়া থেকে ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে একটি মহিষ কেনা হয়। জবাইয়ের পর মহিষটি থেকে প্রায় ৬ মণ মাংস পাওয়া যায়, যা দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।আয়োজকদের তথ্য অনুযায়ী, স্পেনপ্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডাপ্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের অর্থায়নে এ ব্যতিক্রমী আয়োজন বাস্তবায়ন করা হয়।আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, “এটি শুধু স্পেন-সমর্থকদের অনুষ্ঠান নয়। আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ সব দলের সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছি।
সবাই একসঙ্গে খেয়েছি, খেলা দেখেছি। ফুটবল আমাদের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বন্ধন তৈরি করেছে।”এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন দলের সমর্থকেরা একসঙ্গে ভোজে অংশ নেওয়া এবং বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করার মাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
/বিএসএস