• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম


“যত ট্রল ও অপবাদই দেওয়া হোক না কেন, আমাদের দায়িত্ব পালন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না।”

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১০:০৭ পিএম

এইচএসসি পরীক্ষা বিতর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শিক্ষামন্ত্রী, ‘ট্রল-অপবাদে দায়িত্ব থেকে সরে যাব না’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জাতিকে সুশিক্ষিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনের পথে যত ট্রল বা অপবাদই আসুক না কেন, তা থেকে সরকার বিচ্যুত হবে না।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এইচএসসি পরীক্ষা নিয়ে নিজের বিরুদ্ধে হওয়া আন্দোলনের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, সিটি কলেজের এক শিক্ষার্থী বারবার তার সঙ্গে কথা বলতে চেয়েছিল। পরে তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। শিক্ষার্থী পরীক্ষা পেছানোর অনুরোধ জানালেও জাতীয় পর্যায়ের পরীক্ষা ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয় বলে তাকে জানান।

মন্ত্রী বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আবহাওয়া অধিদফতরের সঙ্গে কথা বলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে তথ্য পাওয়া গিয়েছিল। সে কারণেই নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, পরে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হলেও কেবল কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রেই জলাবদ্ধতার কারণে সমস্যা দেখা দেয়। নিয়ম অনুযায়ী দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার ইউএনও ও জেলা প্রশাসক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে পারেন। বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তিনি পরীক্ষার্থীদের দুর্ভোগ উপলব্ধি করেছেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে ঘিরে একটি নেতিবাচক বর্ণনা তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যারা তাকে নিয়ে ট্রল করেছেন, তাদের অনেকেই পরীক্ষার্থী ছিলেন না। এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে নামতে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, “যত ট্রল ও অপবাদই দেওয়া হোক না কেন, আমাদের দায়িত্ব পালন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না।”

/এএসএফ