• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম


আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা অটো পাশের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ৫:১৬ পিএম

আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা স্থগিত, বাতিল কিংবা বিনা পরীক্ষায় পাসের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শুনতে সরকার প্রস্তুত থাকলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক—সরকার তা চায় না। তবে আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাস আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সময়ে ঢালাওভাবে জিপিএ-৫ প্রদান এবং অটোপাসের একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, ‘এমনকি ইন্টেরিমের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত, বিনা পরীক্ষায় পাশ; শিক্ষার মান ক্ষুণ্ণ হোক—এরকম কোনো কাজ আমরা অ্যালাউ করব না।’

শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিভাবকদেরও সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে শিক্ষা পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

/এসএন