• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৫১ এএম


২০ জুলাই নয়, পরে প্রকাশ পাবে এসএসসি ও সমমানের ফল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৪:২৭ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে দেশের শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছিল এবং বোর্ডগুলোও সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছিল।

তবে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণেই ফল প্রকাশে কয়েকদিন অতিরিক্ত সময় লাগবে। তবে ফল প্রকাশে খুব বেশি বিলম্ব হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চলমান কাজগুলো গুছিয়ে নেওয়া গেলে এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

/এসএন