• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম


আর্জেন্টিনাই ‘সবচেয়ে নোং/রা ফুটবল’ খেলে, দাবি স্প্যানিশ সাংবাদিকের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৩:২৪ পিএম

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন স্পেনের জনপ্রিয় সাংবাদিক রবার্তো গোমেজ। রেডিও মার্কার ‘লা ত্রিবু’ অনুষ্ঠানে তিনি আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কঠোর সমালোচনা করে দলটিকে বিশ্ব ফুটবলের ‘সবচেয়ে নোংরা’ ফুটবল খেলা জাতীয় দল হিসেবে অভিহিত করেছেন।

রবার্তো গোমেজ বলেন, ‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের কিছু ফুটবলার সহিংসতার কাছাকাছি চলে যায়। এটা একটি সহিংস দল।’

তবে কঠোর সমালোচনার পাশাপাশি আর্জেন্টিনার শক্তিমত্তার স্বীকৃতিও দিয়েছেন তিনি। গোমেজের মতে, আর্জেন্টিনার মতো কঠিন প্রতিপক্ষ খুব কমই আছে এবং তাদের বিপক্ষে জয় পাওয়া স্পেনের জন্য সহজ হবে না।

স্পেনের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, স্পেনই বিশ্বকাপ জিতবে। তবে তা অর্জন করতে আমাদের ভীষণ কঠিন লড়াই করতে হবে।’

বর্তমান বিশ্বকাপে স্পেনকেই সেরা দল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই আসরে সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর ফুটবল খেলছে স্পেন।

কোচদের প্রসঙ্গেও নিজের মূল্যায়ন তুলে ধরেন রবার্তো গোমেজ। তার মতে, স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবারের বিশ্বকাপের সেরা কোচ। তবে প্রতিপক্ষ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্রশংসাও করেন তিনি। গোমেজ তাকে ‘অসাধারণ’ কোচ হিসেবে উল্লেখ করেন।

আগামীকাল রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল। ম্যাচটিতে একদিকে যেমন আর্জেন্টিনার লড়াকু মানসিকতা নজরে থাকবে, অন্যদিকে স্পেনের টিকিটাকা ও কৌশলনির্ভর ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইও হবে সমান আকর্ষণীয়। ফুটবল বিশ্লেষকদের মতে, শিরোপা নির্ধারণী এই ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল।

/এসএন