ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন দীর্ঘ ৬০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে। তবে এবার লড়াইটি শুধু আরেকটি ম্যাচ নয়, বরং ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল—যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর কেটে গেছে ছয় দশক, কিন্তু বিশ্বকাপের আসরে আর কখনো একে অপরের মুখোমুখি হয়নি দুই দল।
সে কারণে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনো এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। একমাত্র সাক্ষাতে তাদের জয় থাকলেও স্পেনের ঝুলিতে নেই কোনো জয় বা ড্র।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে দুই দলই। সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয়।
তবে অতীতের পরিসংখ্যান এবার খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। ১৯৬৬ সালের সেই গ্রুপ পর্বের ম্যাচের তুলনায় এবারের লড়াইয়ের গুরুত্ব অনেক বেশি। বিশ্বকাপের ট্রফি জয়ের লক্ষ্যে দুই দলই এখন নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়।
/এএসএফ