• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম


“বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল।”-প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রবার্তো গোমেজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৮:২৮ এএম

২০২৬ বিশ্বকাপ ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাংলাদেশ সময় আগামী সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। মাঠের লড়াই শুরুর আগেই দুই দলকে ঘিরে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ।

এবার আর্জেন্টিনা জাতীয় দলকে ‘বিশ্বের সবচেয়ে নোংরা দল’ বলে বিতর্কিত মন্তব্য করেছেন স্পেনের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রবার্তো গোমেজ।

স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম রেডিও মার্কা-এর বহুল আলোচিত অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে অংশ নিয়ে লিওনেল স্কালোনির শিষ্যদের খেলার ধরন নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

আর্জেন্টিনার ফুটবলারদের আগ্রাসী ফুটবল ও কঠোর ট্যাকলিংয়ের সমালোচনা করে রবার্তো গোমেজ বলেন, “বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের কিছু ফুটবলার মাঠে সহিংসতার কাছাকাছি চলে যায়। এটা স্পষ্টতই একটি সহিংস দল।”

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠা, ফিফার সম্ভাব্য তদন্ত এবং ফকল্যান্ড ব্যানার বিতর্কের রেশ কাটতে না কাটতেই স্প্যানিশ গণমাধ্যম থেকে এমন মন্তব্য বিশ্বকাপ ফাইনালের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে আর্জেন্টিনাকে ‘সহিংস’ আখ্যা দিলেও দলটির বর্তমান ফর্ম ও শক্তিকে মোটেও হালকাভাবে দেখছেন না গোমেজ। লুইস দে লা ফুয়েন্তের স্পেনের জন্য এটি সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হবে বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে গোমেজ বলেন, “ফাইনালে আমরা এর চেয়ে কঠিন প্রতিপক্ষ আর পেতে পারতাম না।”

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্রশংসাও করেছেন এই স্প্যানিশ সাংবাদিক। তিনি স্কালোনিকে ‘অসাধারণ একজন কোচ’ বলে উল্লেখ করেন।

তবে সবকিছু বিবেচনায় নিজের দেশের সাফল্য নিয়েই আত্মবিশ্বাসী গোমেজ। তাঁর বিশ্বাস, পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সেরা ফুটবল খেলা স্পেনই শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতবে।

তিনি বলেন, “আমি নিশ্চিত, স্পেনই বিশ্বকাপ জিতবে। তবে সেটা করতে আমাদের ভীষণ কঠিন লড়াই করতে হবে। এবারের বিশ্বকাপের সেরা দল স্পেন। তারাই সবচেয়ে সুন্দর ও ভালো ফুটবল খেলছে।”

একই সঙ্গে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ‘বিশ্বকাপের সেরা কোচ’ বলেও অভিহিত করেন রবার্তো গোমেজ।

/এএসএফ