• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ এএম


জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: বিদ্যুৎমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ৯:০৪ পিএম

প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, সাধারণভাবে গ্রামের মানুষ মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন না। তাই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো ধরনের কষ্টের মুখে না পড়ে, সরকার সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। তার ভাষায়, সৌরবিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয় না। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জ্বালানি আমদানি কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা একটা আন্দোলনের বিষয় হলো?’

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।

/এসএন