• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম


রাখাইনের যুদ্ধের প্রভাবে মিয়ানমার সীমান্তে ২৭১ কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বিজিবি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ১২:১০ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গৃহযুদ্ধ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা জোরদার করতে মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অস্ত্র, মানবপাচার ও মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রতিবেশী দেশের সীমান্তে বাংলাদেশ সরকার নিজস্ব উদ্যোগে এমন প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই কক্সবাজারসংলগ্ন সীমান্ত এলাকার নিরাপত্তা ও কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এরপর থেকে সীমান্তজুড়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকিও বাড়তে থাকে।

এদিকে রাখাইন রাজ্যের চলমান সংঘাত পরিস্থিতি নতুন করে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের প্রভাব যাতে বাংলাদেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্বের ওপর না পড়ে, সে লক্ষ্যেই সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশগুলো আরও সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাধ্যমে অনুপ্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

/এএসএফ