• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ এএম


আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ৬:৪৫ পিএম

অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় স্বার্থ এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার ঘাটতি, গঙ্গার পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন ইস্যু এবং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে এ সফর নিয়ে আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশ-ভারতের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তি বহাল রাখার জন্য ঢাকা অনুরোধ জানালেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনো ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়েও ব্যাপক আলোচনা ছিল। দিল্লি সফরের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি মালয়েশিয়া হয়ে চীন সফর করেন। গত ২১ থেকে ২৬ জুনের ওই সফরের পর ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এদিকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাপান ও সৌদি আরব সফরের বিষয়েও আলোচনা চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, জাপান সরকার দ্রুত প্রধানমন্ত্রীকে টোকিও সফরে নিতে আগ্রহী। আগামী ১২ আগস্ট ঢাকায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী দিনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর অথবা নিউইয়র্কে সম্ভাব্য বৈঠকের মাধ্যমে এ সফরের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, চীন সফরের পর জাপান ও সৌদি আরব সফর বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত দিল্লি সফর চ্যালেঞ্জিং হয়ে থাকবে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। শুরুতে জুলাই মাসে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, ঢাকা-দিল্লি সম্পর্কের উন্নতি হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরের পথ খুলতে পারে। তবে চলতি বছরে এ সফরের সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আমার দেশ

/এএসএফ