শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মাঠের দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ শেষে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ম্যাচ শেষ হওয়ার পর ইয়ামাল নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দুই হাত তুলে দোয়া করার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। ১৯ বছর বয়সী এই ফুটবলারের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকদের প্রশংসা কুড়ায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ২২তম মিনিটে লুকাস দিনিয়ের ট্যাকলে ডি-বক্সে ফাউলের শিকার হন ইয়ামাল। সেই পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ ওয়ান-টু পাসের পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। ম্যাচে ইয়ামালও একবার বল জালে পাঠিয়েছিলেন, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও তাদের সতীর্থদের নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় পুরো ম্যাচেই গোলশূন্য থাকতে হয় ফরাসিদের।
এই জয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। জাভি-ইনিয়েস্তাদের স্বর্ণালি প্রজন্মের পর এবার লামিনে ইয়ামাল, পেদ্রি ও নিকো উইলিয়ামসদের নতুন প্রজন্ম দেশকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখাচ্ছে।
একই সঙ্গে ২০০৬ সালের বিশ্বকাপে ফ্রান্সের কাছে হারের দীর্ঘ অপেক্ষার প্রতিশোধও নিল লা রোহারা। এখন দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে স্পেন।
/এএসএফ