ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তিনি বলেছেন, বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই দেখতে চান।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো আয়োজিত বিশ্বকাপভিত্তিক এক কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ইয়ামাল জানান, শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলাই তার স্বপ্ন।
অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়, টুর্নামেন্টে কোন খেলোয়াড়ের সঙ্গে তিনি জার্সি বদল করতে চান। উত্তরে কোনো দ্বিধা ছাড়াই তিনি বলেন, ‘মেসির সঙ্গে।’ এরপর ফাইনালে কোন দলের মুখোমুখি হতে চান—এমন প্রশ্নের জবাবে ইয়ামাল আর্জেন্টিনার নামই বেছে নেন।
চলমান বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হিসেবে তিনি মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারির নাম উল্লেখ করেন। ২৫ বছর বয়সী এই ফুটবলার গ্রুপপর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে গোল করে এক আসরে কোনো মরক্কান খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন। বিশ্বকাপ চলাকালেই তিনি পিএসভি ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও সাইবারির পা থেকেই আসে। তবে কানাডার বিপক্ষে চোট পাওয়ায় ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারেননি।
তবে ইয়ামালের স্বপ্নের ফাইনাল বাস্তবে রূপ দিতে হলে স্পেন ও আর্জেন্টিনা—দুই দলকেই কঠিন পথ পাড়ি দিতে হবে। আজ বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স।
এদিকে, বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামলেই নতুন একটি রেকর্ড গড়বেন ইয়ামাল। স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপের তিনটি নকআউট ম্যাচে খেলার কীর্তি গড়বেন তিনি।
অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা আগামী রোববার (১২ জুলাই) সকালে কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
সূত্র: মুন্দো দেপোর্তিভো
/এএসএফ