• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ এএম


প্রধানমন্ত্রীর গাড়িতে ‘পাথর নিক্ষেপ’ হয়নি, সেটা ছিল সামনের গাড়ির চাকা থেকে ‘ছিটকে আসে ইটের টুকরো’!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৮:৩৬ পিএম

বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তে দেখা গেছে, ভাইরাল ভিডিওতে দেখা ইটের টুকরোটি সামনের একটি গাড়ির চাকার চাপ থেকে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বরিশালের দিকে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। ঠিক তখনই তার বাসের পেছনে থাকা নিরাপত্তা বহরের তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে ‘ইট নিক্ষেপ’ বা ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এটি কোনো ইট নিক্ষেপের ঘটনা নয়। রাস্তার ওপর পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগামী একটি গাড়ির চাকার চাপ থেকে ছিটকে নিরাপত্তা বহরের গাড়ির সামনে গিয়ে পড়ে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত নিশ্ছিদ্র ছিল এবং পুরো সফরজুড়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

/এএসএফ