• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ এএম


প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্তে পুলিশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৮:১৫ এএম

রাজধানী ঢাকা থেকে সড়কপথে বরিশাল যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে পাথর নিক্ষেপ, নাকি অন্য কোনো গাড়ির চাকা থেকে ছিটকে আসা পাথরের টুকরা—তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে গাড়িবহর নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি জিপে একটি পাথরের টুকরা এসে আঘাত করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছুটা দূর থেকে গাড়িবহর লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনার পরপরই এক যুবককে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে বলেও দাবি করেন তারা। ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল সাড়ে ৮টার দিকে গাড়িবহরটি সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও পথের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ঠিক তখনই বহরের পেছনে থাকা এসএসএফের তৃতীয় নম্বর জিপের সামনে পাথরের টুকরা এসে পড়ে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরো এসেছে, নাকি কেউ নিক্ষেপ করেছে—বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও হয়নি।”

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “এটি ইট নাকি পাথরের টুকরা, সেটিও যাচাই করা হচ্ছে। কীভাবে সেটি গাড়িতে এসে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।”

/এএসএফ