টানা কয়েক দিনের ভারী বৃষ্টি আর দীর্ঘদিনের সংস্কারহীন সড়কের কারণে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি কাঁচা রাস্তা পরিণত হয়েছে কর্দমাক্ত জলাশয়ে। সেই কাদায় আটকে যায় বরযাত্রীর গাড়ি। শেষ পর্যন্ত বিয়ে করতে বন্ধুর কাঁধে চড়েই প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দেন বর।
সম্প্রতি উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। গত শুক্রবারের ঘটনার ভিডিও সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিগ্রাম এলাকার বাসিন্দা হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। তবে বাড়ি থেকে বের হওয়ার পরই বিপাকে পড়েন তিনি ও তার সঙ্গীরা। টানা বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক কাদায় ডুবে যাওয়ায় সেখানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাদার কারণে বরযাত্রীর বহনকারী গাড়িও আটকে পড়ে।
পরিস্থিতির কোনো সমাধান না দেখে বরের বন্ধুরা তাকে কাঁধে তুলে নেন। এভাবে প্রায় এক কিলোমিটার কর্দমাক্ত পথ অতিক্রম করার পর একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশে রওনা হন বর ও বরযাত্রীরা।
বরের বন্ধু নাজির হোসেন বলেন, “বৃষ্টির কারণে পুরো রাস্তাই কাদায় ভরে গেছে। কোনো যানবাহন চলার সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছে। প্রায় এক কিলোমিটার রাস্তার এমন দুরবস্থা দীর্ঘদিনের।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ভাটিগ্রাম থেকে বৈদ্যের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
/এএসএফ