• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ এএম


পেরুতে নবজাতকদের নাম রাখা হচ্ছে ‘হলান্ড’, ৪৬৮ নবজাতকের নাম রাখা হলো ‘হলান্ড’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১০:২৯ পিএম

ইউরোপীয়ান ফুটবলের নিয়মিত অনুসারী না হলেও ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড এখন বিশ্বের অসংখ্য মানুষের কাছে পরিচিত মুখ। চলমান ফুটবল বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স, গোল করার ধারাবাহিকতা এবং স্বতন্ত্র শরীরী ভাষা তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এবার সেই জনপ্রিয়তার প্রভাব পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ পেরুতেও।

বিশ্বকাপে মাঠে বড় বড় পদক্ষেপে ছুটে চলা, লম্বা সোনালি চুল বাতাসে উড়িয়ে দৌড়ানো এবং গোল করার পর তার উদযাপনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভাইরাল হচ্ছে। এবারের আসরে ৭টি দৃষ্টিনন্দন গোল এবং একটি অ্যাসিস্ট করে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।

হলান্ডের এই জনপ্রিয়তা এখন পেরুতে এক ভিন্ন রূপ নিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে নবজাতক শিশুদের নাম তার নামে রাখার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংবাদ সংস্থা অ্যান্দিনার বরাতে পেরুভিয়ান সংবাদমাধ্যম ‘পেরু ২১’ এ তথ্য জানিয়েছে।

পেরুর জাতীয় পরিচয় ও নাগরিক নিবন্ধন সংস্থা রেনিয়েকের তথ্য অনুযায়ী, দেশটিতে ৪৬৮ জন নবজাতকের নাম নিবন্ধন করা হয়েছে ‘হলান্ড’ নামে। এছাড়া ৯১ জন শিশুর পুরো নাম রাখা হয়েছে ‘আরলিং হলান্ড’। বিশ্বকাপ শুরু হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যেই এসব নিবন্ধনের বেশিরভাগ সম্পন্ন হয়েছে। বিশেষ করে ব্রাজিলকে হারিয়ে নরওয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই সংখ্যা আরও বৃদ্ধি পায়।

রেনিয়েকের মুখপাত্র ইভান তোরেস অ্যান্দিনাকে বলেন, ‘বিশ্বের বড় ফুটবল তারকারা পেরুর মানুষকে অনুপ্রাণিত করেন, যাতে তারা নিজেদের সন্তানদের আকর্ষণীয় ও বিখ্যাত নাম দেন। মানুষকে এই ধরনের নাম ব্যবহার করতে আমরা নিষেধ করি না।’

পেরুতে ফুটবল তারকাদের নামে শিশুদের নামকরণের ঘটনা অবশ্য নতুন নয়। রেনিয়েকের তথ্য অনুযায়ী, দেশটিতে ৩ হাজার ৪০২ জনের নাম ‘মেসি’, যার মধ্যে ২৯২ জনের পুরো নাম ‘লিওনেল মেসি’। এছাড়া এক হাজার ১৮৫ জনের নাম ‘ক্রিস্টিয়ানো রোনালদো’, এক হাজার ২৪১ জনের নাম ‘ইয়ামাল’, ২৩৮ জনের নাম ‘এমবাপ্পে’ এবং ৩৩ হাজার ৮০৯ জনের নাম ‘নেইমার’।

চলমান বিশ্বকাপে আরলিং হলান্ডের গোলবন্যা এবং নরওয়ের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান যে পেরুর মানুষের মন জয় করেছে, নবজাতকদের নাম নিবন্ধনের এই পরিসংখ্যান তারই একটি ব্যতিক্রমী উদাহরণ।

/এসএন