সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি সরেজমিনে দেখতে ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে নেমে নিজেই বিপাকে পড়লেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় বাসের কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর গণপরিবহন সেবা পর্যবেক্ষণের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) একটি বাসে ওঠেন তিনি।
বাসে উঠে কন্ডাক্টরের কাছে ১০০ রুপির একটি নোট দিয়ে দুটি টিকিট চান পরিবহনমন্ত্রী। তবে কন্ডাক্টর ভাঙতি চাইলে তিনি জানান, তার কাছে খুচরা টাকা নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। পরে ভাঙতি দিতে না পারলে তাকে বাস থেকে নেমে যেতে বলেন।
মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতেই পারেননি যে ওই যাত্রী রাজ্যের পরিবহনমন্ত্রী। নিজের পরিচয় প্রকাশ না করে কিংবা কোনো ধরনের তর্কে না জড়িয়ে বাইরাথি সুরেশ বাস থেকে নেমে যান।
সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে একটি অটোরিকশায়ও স্বল্প দূরত্ব ভ্রমণ করেন পরিবহনমন্ত্রী। নাগাশেট্টিহাল্লিতে পৌঁছানোর পর মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। অতিরিক্ত ভাড়ার কারণ জানতে চাইলে চালক জানান, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে। পরে বাইরাথি সুরেশ ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।
গণপরিবহন ব্যবস্থার বাস্তব চিত্র জানতেই তিনি পরিচয় গোপন রেখে এই আকস্মিক পরিদর্শনে অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এএসএফ