• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম


পারিবারিক কলহের জেরে শ্রীপুরে দুই সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ৯:৩৭ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মনি আক্তার (৪০) নামে এক মা আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আরাফাত (৪) ও মায়শা (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে টেপিরবাড়ী এলাকার একটি আবাসিক কলোনিতে বসবাস করতেন। পরিবারে দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও নানা বিষয় নিয়ে কলহ চলছিল। বৃহস্পতিবার বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হয়।

এরপর মনি আক্তার দুই সন্তানকে কীটনাশক পান করানোর পর নিজেও তা পান করেন। বিষপানের পর তাদের অস্বাভাবিক আচরণ দেখে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে শিশু দুটির অবস্থার অবনতি হলে চিকিৎসক মা ও দুই সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরাফাত ও মায়শাকে মৃত ঘোষণা করেন। মনি আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিজন মালাকার বলেন, তিনজনই বিষপানে আক্রান্ত হয়েছিলেন। শিশু দুটিকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। মাকেও উন্নত চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

/এএসএফ