টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রাস্তার পাশের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিশুটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দা শারমিন বেগম জানান, কান্নার শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। পরে তিনি তার ভাগ্নেকে ডেকে আনেন। দুজনে মিলে শিশুটিকে উদ্ধার করেন। তিনি আরও বলেন, নবজাতকের মাথায় আঘাতের দাগ ছিল এবং শরীরজুড়ে পিঁপড়া লেগে ছিল।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, খালার ডাকে ঘটনাস্থলে গিয়ে তিনি জঙ্গলের মধ্যে নবজাতকটিকে দেখতে পান। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন থাকায় সময় নষ্ট না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি জানান, উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। মাথায় আঘাতের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এএসএফ