• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি, মিশরকে ১৮.৫ মিলিয়ন ডলার দিচ্ছে ফিফা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৮:০৬ পিএম

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবলপ্রেমীদের নজর কাড়ে মিশর। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশটির ফুটবল ফেডারেশনকে রেকর্ড পরিমাণ আর্থিক প্রণোদনা দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বর্তমান পুরস্কার কাঠামো অনুযায়ী, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) মোট ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে।

এবারের বিশ্বকাপে একাধিক নতুন কীর্তি গড়েছে ‘ফারাও’রা। নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো থেকে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে দলটি। একই সঙ্গে একটি বিশ্বকাপ আসরে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলার রেকর্ডও গড়ে মিশর।

শুধু ফলাফল নয়, গোল করার ক্ষেত্রেও নিজেদের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে দলটি। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে মোট আটবার বল পাঠিয়ে এক আসরে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড গড়েছে মিশর।

বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে মিশর। শেষ পর্যন্ত দুটি জয়, দুটি ড্র এবং একটি হার নিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শেষ করে তারা।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ও অংশগ্রহণ-সংক্রান্ত ব্যয়ের জন্য মিশর পেয়েছে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। মূল পর্বে জায়গা নিশ্চিত করায় যোগ হয়েছে আরও ১০ মিলিয়ন ডলার। এছাড়া শেষ ষোলো নিশ্চিত করার কৃতিত্বে ফেডারেশনের তহবিলে যুক্ত হয়েছে অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপের ইতিহাসে এটিই দেশটির সর্বোচ্চ আর্থিক অর্জন। সংশ্লিষ্টদের আশা, এই অর্থ ভবিষ্যতে মিশরের ফুটবলের উন্নয়ন ও অবকাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এসএন