• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম


ময়মনসিংহে ঘরের ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল ৮ মাসের শিশুর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ৫:০০ পিএম

ময়মনসিংহ নগরের ব্রহ্মপল্লী এলাকায় বাড়ির ভেতরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আজনান আমিন তালুকদার আয়াশ (৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াশের বাবা রেজুয়ানুল আমিন আবির একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার সময় শিশুটির মা বন্যা আক্তার নগরের ব্রহ্মপল্লী এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, টানা ভারী বৃষ্টিতে বাসার ভেতরে পানি জমে যায়। সকালে খেলাধুলার পর আয়াশকে নিয়ে তার মা ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর শিশুটির নানি এসে দেখতে পান, আয়াশ জমে থাকা পানিতে ডুবে আছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবার বন্ধু তামজিদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আয়াশকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা রেজুয়ানুল আমিন আবির বলেন, ‘প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বাসার ভেতরে পানি ঢুকে যায়। বাচ্চা খেলার ছলে গড়িয়ে পানিতে পড়ে যায়। দেখার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।’

এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টায় নগরীতে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।

ভারী বর্ষণের কারণে বুধবার সকাল থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

/এএসএফ