চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড় ধসে ঘরের ওপর মাটি চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার সদর ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির সময় পাহাড়ের মাটি ধসে একটি ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার (৫৬) মাটিচাপা পড়ে মারা যান। একই ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধস ও অন্যান্য দুর্যোগ সম্পর্কে ব্যাপক মাইকিং করে মানুষকে সতর্ক করা হলেও এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এদিকে টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বন্যা, জলাবদ্ধতা, পাহাড় ধস, নদ-নদীর পানি বৃদ্ধি এবং তীরভাঙনের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাহাড় কাটা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং নালা-নর্দমার পর্যাপ্ত সংস্কার না থাকায় অনেক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দুর্যোগের মাত্রাও বেড়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, সরফভাটা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ভারী বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।
এ ছাড়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম সড়ক কোমরসমান পানির নিচে তলিয়ে গেছে। রাঙ্গুনিয়া পৌরসভার ভবানি এলাকায় পাহাড় ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনও কয়েকটি পরিবার পাহাড় ধসের ঝুঁকি নিয়েই বসবাস করছে।
অন্যদিকে পারুয়া ইউনিয়নের জঙ্গল এলাকাতেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বেতাগী ইউনিয়নের ডেমিরছড়া গুচ্ছগ্রামের কাছে দুটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলের তোড়ে ইছামতি নদীর বিভিন্ন স্থানে তীরভাঙনের ঘটনাও দেখা দিয়েছে।
/এসএন