• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম


বন্ধ ট্রেন চলাচল ও বন্দরের পণ্য খালা'স

৪৩ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রামের বৃষ্টি, জলাবদ্ধতায় অচল জনজীবন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১২:৪৩ পিএম

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে গত ৪৩ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে চট্টগ্রামে। রেকর্ড বৃষ্টিতে নগরীর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তীব্র জলাবদ্ধতায় কার্যত স্থবির হয়ে গেছে জনজীবন। এদিকে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রতিকূল আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কয়েকটি ফ্লাইট।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে মোট ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ৪১১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে বিগত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে হালকা বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

টানা বর্ষণ এবং জোয়ারের পানির কারণে নগরীর নিচু এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এ পরিস্থিতিতে প্রায় ১০ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

দুর্যোগের মধ্যে নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় দেয়াল ধসে শফিকুল রহমান নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।

এদিকে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ২৬টি পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১০১ সদস্যের ‘র‌্যাপিড রেসপন্স টিম’ মাঠে কাজ করছে।

ভারী বর্ষণে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ‘পর্যটক’ ও ‘প্রবাল’ এক্সপ্রেসের প্রায় এক হাজার যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন।

অন্যদিকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ৪৩টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইটকে ঢাকায় ডাইভার্ট করতে বাধ্য হয়েছে বিমান কর্তৃপক্ষ।

/এসএন