বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ মঙ্গলবার (৭ জুলাই) বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সেজান মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবারের সব আয়োজন স্থগিত রাখা হয়েছে।
আজ যেসব স্থানে বড়পর্দায় খেলা দেখানোর আয়োজন বাতিল করা হয়েছে, সেগুলো হলো— টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় প্রাঙ্গণ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ।
আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে আগামীকাল থেকে একই ভেন্যুগুলোতে আবারও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।
এ ছাড়া দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
/এএসএফ