খেলোয়াড় হিসেবে মিসরের ফুটবল ইতিহাসে অসাধারণ সাফল্য অর্জনের পর কোচ হিসেবেও দেশটিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন হোসাম হাসান। জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবার কোচ হিসেবে মিসরের ফুটবলে লিখছেন নতুন ইতিহাস।
মিসরের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৬৯ গোল করা হোসাম হাসানের অধীনে চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় এবং নকআউট পর্বে জয় পেয়েছে মিসর।
গত শুক্রবার শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা পঞ্চম আফ্রিকান দেশ হওয়ার স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছেছে মিসর।
সোমবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, খেলোয়াড় হিসেবে তিনি অনেক সাফল্য অর্জন করেছেন। তবে কোচ হিসেবেও জাতীয় দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারায় তিনি গর্বিত।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মিসরের মানুষকে তাদের জাতীয় দল নিয়ে গর্বিত করা। সেই লক্ষ্য অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের প্রতি সম্মান জানিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বলেন মিসর কোচ।
হোসাম হাসান বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের বড় স্বপ্ন রয়েছে। আমরা জানি, এটি কোনো দলের জন্যই সহজ ম্যাচ হবে না। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু তাদের ভয় পাই না।’
বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে একদিকে থাকবে শিরোপাধারী আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য, অন্যদিকে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে আত্মবিশ্বাসী মিসর।
সূত্র: দেশ টিভি
/এএসএফ