• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম


মিশরের ঐতিহাসিক জয়ের পর, ফিলিস্তিনের জন্য উৎসর্গ করলেন কোচ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ জুলাই ২০২৬ ১০:১৪ এএম

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়া এই জয় ফিলিস্তিনের মানুষের প্রতি উৎসর্গ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।

শুক্রবার দিবাগত রাত ১২টায় শুরু হওয়া ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নেয় মিশর। জয়সূচক স্পট কিক নেন হোসাম আবদেলমাগুইদ। অন্যদিকে অস্ট্রেলিয়ার হ্যারি সাউতার ও লুকাস হেরিংটন টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। শেষ ষোলোতে মিশরের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা।

ম্যাচের ১৩তম মিনিটে ইমাম আশুরের হেডে এগিয়ে যায় মিশর। তবে দ্বিতীয়ার্ধে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর টাইব্রেকারেই নিশ্চিত হয় ফারাওদের ঐতিহাসিক জয়।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় হোসাম হাসান বলেন, ‘আল্লাহ যেন ফিলিস্তিনিদের বিজয় দান করেন এবং তাদের শহীদদের প্রতি রহমত বর্ষণ করেন। এই জয় আমি মিশরের জনগণের পাশাপাশি ফিলিস্তিনের মানুষের প্রতি উৎসর্গ করছি।’

জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপন করেন হাসান। পুরো দলকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়েন তিনি। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গাজার বাসিন্দা তামের নাহেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এবারই প্রথম এত আগ্রহ নিয়ে বিশ্বকাপ দেখছি। মিশরের জয় আমাকে আনন্দ দিয়েছে। তবে সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল হাজারো মানুষকে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর ও তাঁবু থেকে বেরিয়ে একসঙ্গে খেলা দেখতে দেখা। কিছু সময়ের জন্য হলেও সবাই যেন যুদ্ধের বাস্তবতা ভুলে স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরে পেয়েছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাজার ধ্বংসস্তূপের পাশেই অস্থায়ী পর্দায় খেলা উপভোগ করছেন অসংখ্য মানুষ। যুদ্ধবিধ্বস্ত পরিবেশের মধ্যেও মিশরের এই ঐতিহাসিক জয় তাদের মুখে কিছু সময়ের জন্য হলেও হাসি ফিরিয়ে এনেছে।

/এএসএফ