চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় করে ফুটবল ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় রচনা করেছে প্যারাগুয়ে। দলটির এই ঐতিহাসিক জয়ের আনন্দ পুরো দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১ জুলাই) দেশটির সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই বিশেষ ছুটির আওতায় থাকবে।
সোমবার রাতে বিশেষ এক পুশ বার্তার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। পরে সরকারি বিবৃতিতে বলা হয়, জাতীয় ফুটবল দলের এই অভাবনীয় সাফল্য যেন দেশের মানুষ একসঙ্গে উদযাপন করতে পারে, সে সুযোগ করে দিতেই বিশেষ এই ছুটি ঘোষণা করা হয়েছে।
নকআউট পর্বের ম্যাচটিতে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতায় ছিল দুই দল। পরে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে জার্মানিকে পরাজিত করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে প্যারাগুয়ে।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখো ফুটবল সমর্থক। শুরু হয় আনন্দ-উল্লাস ও উদযাপন। কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে প্যারাগুয়ে। ফুটবল বিশ্লেষকদের মতে, এই জয় দেশটির ক্রীড়া ইতিহাসের অন্যতম গৌরবময় অর্জন।
দেশটির বিদ্যমান আইন অনুযায়ী, প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি বিশেষ সরকারি ছুটি ঘোষণার সাংবিধানিক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। জাতীয় দলের এই ঐতিহাসিক সাফল্যকে সম্মান জানাতেই প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা তার সেই বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।
/এসএন