• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ এএম


বিশ্বকাপে গ্রুপপর্বে শতভাগ জয়—আর্জেন্টিনার জন্য কি অ’শুভ ইঙ্গিত?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুন ২০২৬ ৪:৩৬ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে এবারের আসরের চমক কেপ ভার্দে। তবে নকআউট পর্বে নামার আগে একটি পুরোনো পরিসংখ্যান নতুন করে আলোচনায় এসেছে, যা আর্জেন্টিনার সমর্থকদের কিছুটা হলেও ভাবাচ্ছে।

বিশ্বকাপের ইতিহাস বলছে, গ্রুপপর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠলেও কখনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এর আগে তিনবার এমন সাফল্য অর্জন করলেও শেষ পর্যন্ত ট্রফি অধরাই থেকেছে আলবিসেলেস্তেদের।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্স, মেক্সিকো ও চিলিকে হারিয়ে গ্রুপপর্ব শেষ করেছিল আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে দলটি ফাইনালেও পৌঁছে যায়। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয় তারা।

এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপে জাপান, জ্যামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। শেষ ষোলোয় ইংল্যান্ডকে বিদায় করলেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।

২০১০ বিশ্বকাপেও একই চিত্র দেখা যায়। দিয়েগো ম্যারাডোনার অধীনে নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করেছিল আর্জেন্টিনা। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে থেমে যায় তাদের বিশ্বকাপ অভিযান।

অন্যদিকে, ২০১৪ বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপপর্বে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছিল লিওনেল মেসির দল। পরে ফাইনালেও পৌঁছায় আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। যদিও সেই আসরে তিন ম্যাচের গ্রুপপর্বে শতভাগ জয় ছিল, সেটিকে আগের পরিসংখ্যানের ধারাবাহিকতার বাইরে ভিন্ন প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করা হয়।

এবারও গ্রুপপর্বে সবগুলো ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, কেপ ভার্দেকে হারিয়ে লিওনেল স্কালোনির দল সেই পুরোনো পরিসংখ্যান বদলে বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কি না।

/এসএন