• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম


আজ নকআউটে ব্রাজিলের সামনে এশিয়ার ব্লু সামুরাই জাপান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুন ২০২৬ ১০:২৮ এএম

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মাঠে নামছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। দুই দলের জন্যই এটি ‘ডু অর ডাই’ লড়াই—জিতলেই পরের ধাপ, হারলেই বিশ্বকাপের ইতি।

গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট নিশ্চিত করে সেলেসাওরা।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ইতোমধ্যে চারটি গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এছাড়া মাতেউস কুনিয়ার ঝুলিতেও রয়েছে তিনটি গোল।

তবে ইনজুরির কারণে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। হ্যামস্ট্রিং চোটে গ্রুপ পর্বেই ছিটকে গেছেন রাফিনহা। তার জায়গায় ডান প্রান্তে খেলবেন তরুণ রায়ান। অন্যদিকে স্কটল্যান্ড ম্যাচে বদলি হিসেবে মাঠে ফিরে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন নেইমার।

জাপানও দারুণ পারফরম্যান্স করেই নকআউটে উঠেছে। ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানো এবং সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ব্লু সামুরাইরা।

দলের হয়ে দাইচি কামাদা ও আয়াসে উয়েদা দুটি করে গোল করেছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে রয়েছে জাপান। শেষ ২৮টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুটি হার দেখেছে দলটি। একই সঙ্গে শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই তারা প্রথম গোল করার কৃতিত্ব দেখিয়েছে।

দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে জাপান। ২০২৫ সালের কিরিন কাপে তারা ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল। তবে বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একমাত্র সাক্ষাতে জয় পেয়েছিল ব্রাজিল। ২০০৬ সালের সেই ম্যাচে জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা।

পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও এই ম্যাচে ব্রাজিলকেই এগিয়ে রাখছে। ১০ হাজার সিমুলেশনের ভিত্তিতে তাদের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৭৫ শতাংশ।

এখন দেখার বিষয়, ফেবারিটের তকমা ধরে রেখে ব্রাজিল কোয়ার্টার ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যেতে পারে কি না, নাকি নতুন কোনো চমক উপহার দেয় জাপান

/এএসএফ