• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:১৬ এএম


আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বি’ভ্রাট, ক্ষু’ব্ধ জনতার পল্লী বিদ্যুৎ অফিসে হা’মলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুন ২০২৬ ১০:৩১ পিএম

চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ চলাকালে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার ছোড়া ইট-পাটকেলে অফিস ভবনের দুটি জানালার কাচ ভেঙে যায়।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ চলাকালে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে শতাধিক ব্যক্তি কেন্দুয়া উপজেলা সদরের পল্লী বিদ্যুতের জোনাল অফিসে গিয়ে হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, কেন্দুয়া উপজেলায় প্রায় ৯৪ হাজার গ্রাহক রয়েছে। সাহিতপুর ও রামপুর—এই দুটি উপকেন্দ্রের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট হলেও সাহিতপুর উপকেন্দ্রে গড়ে ৭ থেকে ৮ মেগাওয়াট এবং রামপুর উপকেন্দ্রে মাত্র ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।

বিদ্যুতের এই ঘাটতির কারণে গ্রামাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে পৌরসভাসহ ৯ ও ১ নম্বর ফিডারে তুলনামূলক কম লোডশেডিং করা হচ্ছে।

কেন্দুয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম (প্রকৌশলী) মো. ওমর ফারুক বলেন, ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। হামলার ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কেন্দুয়া থানার এএসআই বাদল মিয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএন