• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম


ইরান থেকে তেল-গ্যাস কিনতে চায় পাকিস্তান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুন ২০২৬ ৯:০৫ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসান এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর ইরান থেকে কম দামে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৮ জুন) লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত এপ্রিলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চরমে পৌঁছালে পাকিস্তানে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি ৪৬০ রুপিতে পৌঁছেছিল। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

গত ১৭ জুন সুইজারল্যান্ডের বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। এই সমঝোতায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান।

চুক্তির আওতায়, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও এর উপজাত রপ্তানি, সংশ্লিষ্ট ব্যাংকিং লেনদেন, বিমা এবং পরিবহনসেবার ক্ষেত্রে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা মওকুফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আলী পারভেজ মালিক বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক বাজারে মূল্য কমার সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। তার দাবি, বিশ্ববাজারে যতটা দাম কমেছে, সরকার তার চেয়েও বেশি সুবিধা ভোক্তাদের দিয়েছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে কমিয়েছে। কঠিন সময় পেরিয়ে দেশ এখন ইতিবাচক অবস্থার দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পেট্রোলিয়ামমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে বিদ্যমান আন্তর্জাতিক চুক্তির কাঠামোর মধ্যে থেকেই দেশে জ্বালানির দাম আরও কমানোর চেষ্টা করবে সরকার।

জ্বালানির দাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও করেন তিনি। তার দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তেল কোম্পানিগুলোর বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি। তবে কোম্পানিগুলোর প্রতিনিধিরা তার সঙ্গে বৈঠক করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে নিজের টেক্সটাইল মিলগুলোতে ক্যামেরা স্থাপনের কথাও জানান আলী পারভেজ মালিক। একই সঙ্গে জিনিং কারখানাগুলোতেও ক্যামেরা বসানোর আহ্বান জানান তিনি, যাতে ফেডারেল বোর্ড অব রেভিনিউর (এফবিআর) উদ্বেগ দূর করা সম্ভব হয়।

এ ছাড়া স্থগিত থাকা আরএলএনজি (RLNG) গ্যাস সংযোগগুলোও শিগগির পুনরায় চালু করা হবে বলে ঘোষণা দেন পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী।

/এএসএফ