• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম


স্পেনের জয়ে ছিটকে গেল উরুগুয়ে, আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কেপ ভার্দে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ৮:৫২ এএম

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিনটি ড্র করে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। একই সঙ্গে স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ে বদলে গেছে গ্রুপের সমীকরণ। ফলে নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে আফ্রিকার দল কেপ ভার্দে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের।

ম্যাচের আগে উরুগুয়ের সামনে সমীকরণ ছিল সহজ। সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচ ড্র হলে স্পেনের বিপক্ষে একটি ড্র করলেই নকআউট নিশ্চিত হতো মার্সেলো বিয়েলসার দলের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় উরুগুয়ে। পরাজয়ের ফলে তাদের বিশ্বকাপ যাত্রা গ্রুপ পর্বেই শেষ হয়ে যায়।

অন্যদিকে, কেপ ভার্দে তিন ম্যাচেই ড্র করে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করে।

এদিকে গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে আগেই নকআউট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সূচি অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৪টায় শুরু হবে।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তাই আর্জেন্টিনা ফেভারিট হলেও চমক দেখানো কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ থাকছে না।

/এএসএফ