হযরত শাহজালাল (রহ.)-সহ সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা, উন্নয়ন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৬ জুন) সকালে একদিনের সিলেট সফরের অংশ হিসেবে তিনি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে সিলেট বিভাগের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক, মহানগর বিএনপির সভাপতি ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক এবং মাজার কমিটির কর্মকর্তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী জানান, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থের হিসাব এখন থেকে প্রতি মাসে জনসম্মুখে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়মিতভাবে দানবাক্সের হিসাব পর্যালোচনা করে তা প্রকাশ করবে, যাতে ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
এ সময় সম্প্রতি আলোচিত জেলা প্রশাসকের বদলির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বাণিজ্যমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য এড়িয়ে যান।
দীর্ঘদিন ধরে মাজারের ব্যবস্থাপনা ও আর্থিক অস্বচ্ছতা নিয়ে জনমনে যে উদ্বেগ ছিল, সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই নতুন উদ্যোগ সেই উদ্বেগ দূর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সিলেটবাসীর প্রত্যাশা, মাজারের দান-অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতা আরও শক্তিশালী হবে এবং ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সূত্র: গণমাধ্যম
/এএসএফ