ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। মঙ্গলবার (২৩ জুন) তার বহনকারী বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরপরই পিএএফের একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন বিমানটিকে ঘিরে স্বাগত জানায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত এই বিশেষ আকাশ প্রহরায় অংশ নেয় বিমান বাহিনীর অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের একটি ফরমেশন। মোট ছয়টি যুদ্ধবিমান প্রেসিডেন্টের বিমানকে নিরাপত্তা ও সম্মানসূচক এসকর্ট প্রদান করে।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা শেষে সরাসরি পাকিস্তান সফরে যান মাসুদ পেজেশকিয়ান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।
পরে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী বিমান পাকিস্তানে অবতরণ করলে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে উপস্থিত থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই ধরনের আকাশ প্রহরার আয়োজন দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক ঐতিহ্যের অংশ। একই সঙ্গে জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের অংশগ্রহণ পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক সক্ষমতা ও পেশাদারিত্বেরও প্রতিফলন।
সফরটিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
/এএসএফ