• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ এএম


যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠক ‘সফলভাবে সমাপ্ত’: পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৭:১৪ পিএম

ইসলামাবাদ সমঝোতা স্মারকের কাঠামোর অধীনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের কমিটির বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।সোমবার এক বিশেষ বিবৃতিতে তিনি বলেন, বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে।শাহবাজ শরীফ জানান, আলোচনায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মতি হয়েছে।

পাশাপাশি রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন এবং পরবর্তী কারিগরি আলোচনা শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।সংলাপ ও কূটনীতির প্রতি গঠনমূলক অঙ্গীকার বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করা ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।আলোচনার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কাতারের প্রতি বিশেষ ধন্যবাদ জানান শাহবাজ শরীফ।

তিনি বলেন, এই আলোচনা এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরিতে কাতার গুরুত্বপূর্ণ সমর্থন দিয়েছে।এ ছাড়া বৈঠক সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার জন্য সুইজারল্যান্ড সরকারকেও ধন্যবাদ জানান তিনি।বিবৃতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূমিকাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আসিম মুনিরের নিষ্ঠা, অঙ্গীকার ও অধ্যবসায় ছাড়া এই অগ্রগতি সম্ভব হতো না।একই সঙ্গে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দলের অবদানেরও প্রশংসা করেন শাহবাজ শরীফ।বিবৃতির শেষাংশে তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপ ও কূটনীতিকে এগিয়ে নিতে পাকিস্তান ভবিষ্যতেও আন্তরিক ও গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

সূত্র: ডন

/বিএসএস