• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম


এক মুঠো জাম পাড়তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুন ২০২৬ ৬:৪৯ এএম

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশে একটি জামগাছ দেখে কাঁচা বাঁশের সাহায্যে ফল পাড়ার চেষ্টা করেন।

একপর্যায়ে অসাবধানতাবশত তার হাতে থাকা বাঁশটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, কর্মস্থলে যাওয়ার পথে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শিক্ষিকা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

/এএসএফ