দেশের উত্তরাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতের কারণে চার জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিভিন্ন নদ-নদীর পানি আগামী কয়েক দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, টানা বৃষ্টিপাতের ফলে তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উজানের এই বৃষ্টিপাতের প্রভাবেও দেশের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলও বেড়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, এই প্রবণতা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলে পানি বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
/এএসএফ