দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে হাওরাঞ্চলে পানির চাপ বেড়েছে। এতে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার অন্তত সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার (৪ মে) জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।সকাল ৯টার পর্যবেক্ষণ অনুযায়ী, হাওর বেসিন এলাকার বিভিন্ন নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ধনু–বাউলাই নদী জারিয়াজঞ্জাইলে ৮ সেন্টিমিটার, সোমেশ্বরী নদী কলমাকান্দায় ৫০ সেন্টিমিটার এবং ভুগাই–কংশ নদী ৬৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া মগরা নদী নেত্রকোনা ও আটপাড়া পয়েন্টে যথাক্রমে ৭৯ ও ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।হবিগঞ্জ জেলার কালনি নদী আজমিরিগঞ্জ এলাকায় ১০ সেন্টিমিটার এবং সুতাং নদী সুতাং রেলব্রিজ এলাকায় ৮৩ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে রয়েছে। তবে কোথাও কোথাও পানির বৃদ্ধি খুবই ধীরগতিতে হচ্ছে, ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার পর্যন্ত।এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা উজান থেকে নেমে আসা পানির চাপ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/বিএসএস