• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ এএম


পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুন ২০২৬ ১১:৪৮ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ-ইনের কারণে শূন্যরেখায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা প্রয়োজন বলে মনে করে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের পক্ষে এ অবস্থানের কথা জানিয়েছেন মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশুরা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, সীমান্ত এলাকায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষার স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন।

তিনি এ বিষয়ে উভয় দেশকে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানান এবং সমস্যাটির শান্তিপূর্ণ ও গঠনমূলক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিচয় যাচাই ছাড়াই কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে।

এ ধরনের ঘটনায় সীমান্ত এলাকার শূন্যরেখায় অবস্থানরত অনেক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলেও বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে জাতিসংঘ মনে করছে, সীমান্তে অবস্থানরত মানুষের মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

/এসএন