• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম


নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ৪:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৩ জুন) মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর সীমান্ত এলাকার পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপি–এর নিকট দিয়ে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে পূর্ণভবা নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।পুশইনের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল। তবে বিজিবির তাৎক্ষণিক, কার্যকর ও দৃঢ় পদক্ষেপের কারণে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ফলে পুশইনে ব্যর্থ হয়ে ওই ১৫ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরেই অবস্থান করতে বাধ্য হন।

পরে সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা এবং অনড় অবস্থানের মুখে একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ জন ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।বর্তমানে বিজিবি সংশ্লিষ্ট সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।

/বিএসএস