• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম


বঙ্গোপসাগরে ৮ সাবমেরিন মোতায়েনের ঘোষণা পাকিস্তানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুন ২০২৬ ১০:১৫ পিএম

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। সম্প্রতি শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিং–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ওমর ফারুক। এ বিষয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, চীন সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীর জন্য ‘পিএনএস হ্যাঙ্গর’ নামের একটি আধুনিক সাবমেরিন তৈরি করেছে। পাকিস্তান ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটিকে তাদের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে।

সাবমেরিনটি গ্রহণ করতে পাকিস্তান নৌবাহিনীর একটি প্রতিনিধিদল নিয়ে চীনে গিয়েছিলেন কমোডর ওমর ফারুক। ফেরার পথে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাত্রাবিরতির সময় তিনি দ্য মর্নিং–কে সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যাঙ্গর-শ্রেণির সাবমেরিন পাকিস্তানকে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সক্ষমতা দেবে। তিনি আরও জানান, পিএনএস হ্যাঙ্গর সিরিজের আরও সাতটি সাবমেরিন শিগগিরই পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হবে। এসব সাবমেরিনের মাধ্যমে বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি দীর্ঘমেয়াদে বজায় রাখা হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের আগে বঙ্গোপসাগরে পাকিস্তানের একটি সাবমেরিন মোতায়েন ছিল, যার নামও ছিল পিএনএস হ্যাঙ্গর। মুক্তিযুদ্ধের সময় ওই সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস খুকরিকে ডুবিয়ে দিয়েছিল। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গোপসাগর থেকে পাকিস্তানি নৌবাহিনীর উপস্থিতি কার্যত শেষ হয়ে যায়।

এরপর থেকে পাকিস্তানের নৌ তৎপরতা মূলত উত্তর আরব সাগরকেন্দ্রিক ছিল। অন্যদিকে, বঙ্গোপসাগর দীর্ঘদিন ধরেই ভারতের কৌশলগত প্রভাববলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশাখাপত্তনমে ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের অবস্থান এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে ভারতের কৌশলগত সুবিধা রয়েছে।

বর্তমানে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ একাধিক দেশের জন্য বঙ্গোপসাগর বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং সামুদ্রিক নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা বাড়তে থাকায় এ অঞ্চলের গুরুত্বও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এ প্রেক্ষাপটে কমোডর ওমর ফারুক পিএনএস হ্যাঙ্গরকে ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ভবিষ্যতে এই শ্রেণির মোট আটটি সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত করা হবে এবং সেগুলো বঙ্গোপসাগর অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে ও দ্য মর্নিং

/এএসএফ