• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম


ঈদের আগের দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ৫:১০ পিএম

পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। তবে ঈদের আগের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২৩ মে প্রকাশিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব অঞ্চলেও দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঈদের আগের দিন ঘরমুখো মানুষের যাত্রা এবং পশুর হাটে শেষ মুহূর্তের বেচাকেনায় ঝড়-বৃষ্টি বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/এসএন