দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝড়ো আবহাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল ও সিলেট অঞ্চল-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া যশোর অঞ্চল, খুলনা অঞ্চল, বরিশাল অঞ্চল, পটুয়াখালী অঞ্চল, নোয়াখালী অঞ্চল, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল ও কক্সবাজার অঞ্চল-এ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।