• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম


বঙ্গোপসাগরে ট্রলারডুবির ৫ দিন পর উদ্ধার জেলের লাশ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৮:১৩ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ দিন পর আবুল কালাম খান নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন শহিদুল নামে আরেক জেলে।

গত ৭ জুলাই বরগুনার তালতলী উপজেলার তপন জোমাদ্দারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১৮ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ও আশারচর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লালদিয়ার চরসংলগ্ন এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সহায়তায় ১৮ জনের মধ্যে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে আবুল কালাম খান ও শহিদুল তখন থেকেই নিখোঁজ ছিলেন।

দীর্ঘ চার দিন অনুসন্ধানের পর শনিবার (১১ জুলাই) বিকেলে গভীর সমুদ্র থেকে আবুল কালাম খানের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে নিখোঁজ শহিদুলকে উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

উদ্ধার হওয়া আবুল কালাম খান এবং নিখোঁজ শহিদুল—দুজনের বাড়িই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোটআমখোলা গ্রামে। আবুল কালাম বাদল খানের ছেলে এবং শহিদুল সিরাজ মিস্ত্রীর ছেলে।

তালতলীর ফকিরহাট ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলে শহিদুলকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

/এএসএফ