বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কুয়াকাটা উপকূলসংলগ্ন সাগর কয়েক দিন ধরেই উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও উঁচু ঢেউয়ের মধ্যে মাছ ধরতে গিয়ে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও অন্তত পাঁচটি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা।
তিনি জানান, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয়সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেকে নিয়ে মাছ ধরার সময় একটি ছোট ট্রলার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি পাঁচ জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ফকিরহাট এলাকার মহিমা নামের একটি মাছধরা ট্রলার ১৮ জেলেকে নিয়ে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে আশপাশে থাকা ট্রলারগুলোর জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে বুধবার দুপুর পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করেন। তবে ওই ট্রলারের আরও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাগরে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তৎপর রয়েছে।
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেদের গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
/এএসএফ