• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ এএম


বৈরী আবহাওয়ায় ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে নামল ইউএস-বাংলার ফ্লাইট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৩:৪৯ পিএম

বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ দুপুর ২টা ১৫ মিনিটে জানান, ঢাকার বিরূপ আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি নিরাপদে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকার আবহাওয়া অনুকূলে এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি আরও জানান, যাত্রীদের সাময়িকভাবে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে, যাতে তারা বিশ্রাম নিতে পারেন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন।

এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে ঢাকার আকাশে বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়েছে।

এসবের মধ্যে আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট দীর্ঘ সময় আকাশে অপেক্ষার পর ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টি, রোববার সকালে কমে যাওয়া দৃশ্যমানতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণে জটিলতা সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। একই সঙ্গে অনেক ফ্লাইটের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

/এসএন