চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে সাঙ্গু নদীর পানি লোকালয়ে ঢুকে প্রবল স্রোতের সৃষ্টি হলে একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে অন্য একটি কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আলতাব আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থানের ঝোপঝাড়ে মরদেহ তিনটি আটকে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখা হয়।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ জানান, সাঙ্গু নদীর পানির তীব্র স্রোতে কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় মরদেহগুলো ভেসে উঠেছে। পরে সেগুলো যথাযথভাবে অন্য একটি কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতি বছর বন্যার সময় সাঙ্গু নদীর ভাঙন ও পানির প্রবল স্রোতে এ কবরস্থান থেকে মরদেহ ভেসে যাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীতীরে একটি টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন কমবে এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
সূত্র: আমাদের চট্টলা
/এএসএফ