• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম


ব্রাজিল-আর্জেন্টিনা বধের নায়ক প্যারাগুয়ের এই হাল যে কারনে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ১০:৫৮ এএম

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো পরাশক্তিকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ছিল প্যারাগুয়ে। তবে মূল আসরে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো দক্ষিণ আমেরিকার দলটিকে। যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা।ম্যাচের আগে চোটের কারণে তারকা ফুটবলার জুলিও এনসিসোকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল প্যারাগুয়ে শিবিরে।

শেষ মুহূর্তে তাকে একাদশে রাখা হলেও মাঠে তার প্রভাব ছিল প্রায় অদৃশ্য। আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিগেল আলমিরনও প্রত্যাশা পূরণ করতে পারেননি।শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই চাপের মুখেই আসে প্রথম গোল। ক্রিশ্চিয়ান পুলিসিকের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার দামিয়ান বোবাদিয়া।শুরুর ধাক্কা সামলাতে গিয়ে নিজেদের পরিকল্পনা বদলাতে বাধ্য হয় কোচ গুস্তাভো আলফারোর দল।

আর সেই সুযোগই কাজে লাগায় যুক্তরাষ্ট্র। বিরতির আগেই জোড়া গোল করে দলের ব্যবধান ৩-০ করেন ফ্লোরিয়ান বালোগান।দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। বদলি হিসেবে মাঠে নেমে মরিসিও একটি গোল শোধ করে দলকে কিছুটা আশা দেখান। তার চমৎকার পজিশনিং ও নিখুঁত ফিনিশিং প্যারাগুয়ের আক্রমণে প্রাণ ফিরিয়েছিল।তবে সেই আশার আলো বেশিক্ষণ টেকেনি। গোল হজমের পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় যুক্তরাষ্ট্র।

শেষ মুহূর্তে জিও রেইনা গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।এই পরাজয়ে বিশ্বকাপে প্যারাগুয়ের পথ অনেকটাই কঠিন হয়ে গেল। তারকা খেলোয়াড়দের ব্যর্থতা, শুরুতেই গোল হজমের ধাক্কা, বিকল্প কৌশলের অভাব এবং একাদশ নির্বাচনে ভুল—সব মিলিয়ে বাছাইপর্বে আলো ছড়ানো প্যারাগুয়েকে বড় মূল্য দিতে হলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

/বিএসএস