• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৮ এএম


ভোজিনহার পরিবারকে বিশ্বকাপ ফাইনালের টিকিট উপহার দেন মেসি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ১২:০৪ পিএম

বিশ্বকাপ ফাইনালের আগে নিজের মানবিক উদ্যোগের কারণে নতুন করে আলোচনায় এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরের দাবি, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগে ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন দর্শকের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি।

তাদের মধ্যে ছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের চার সদস্যও।ইয়ানিনা লাতোরের ভাষ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের উচ্চমূল্যের কারণে অনেকেই স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে মেসি নিজের প্রতিনিধিদের নির্দেশ দেন, যাতে কয়েকজন নির্বাচিত ব্যক্তির জন্য টিকিটের ব্যবস্থা করা হয়।

সেই তালিকায় ভোজিনহার পরিবারের চার সদস্যও ছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।তবে এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবা লিওনেল মেসির পক্ষ। তবুও ইয়ানিনা লাতোরের এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।অন্যদিকে, ফাইনালের স্মৃতি সুখকর হয়নি মেসির জন্য।

রোববারের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।এর আগে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয় পাওয়া ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভোজিনহা। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন তিনি। সেই ম্যাচ শেষে মেসির জার্সিও চেয়েছিলেন কেপ ভার্দের অভিজ্ঞ এই গোলরক্ষক।

/বিএসএস