• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম


ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ আগস্ট ২০২৬ ৬:৪১ এএম

ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে কলকাতায় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচকে অধিক গুরুত্ব দিয়ে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। ভারতের সরে দাঁড়ানোর পর ফিফার অর্থায়নে আয়োজিত এই টুর্নামেন্টে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।শেষ মুহূর্তে পাওয়া এই আমন্ত্রণ গ্রহণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার বিকেলে জাতীয় দল কমিটির বিশেষ সভায় টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত কমিটির সদস্যরা বাংলাদেশকে আসিয়ান কাপে পাঠানোর বিষয়ে সম্মতি জানিয়েছেন। এখন ফিফার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে বাফুফে।বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, এ নিয়ে বাফুফেকে বাড়তি আর্থিক চাপ নিতে হবে না। আয়োজকদের পক্ষ থেকেই অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসনের খরচ বহন করা হবে। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে অর্থও দেওয়া হবে।আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ডিভিশন-১। এতে অংশ নেওয়া আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারতের জায়গায় বাংলাদেশ অংশ নিলে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে তারা।এই টুর্নামেন্টের ফরম্যাটেও রয়েছে ভিন্নতা। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। শুধু শিরোপার লড়াইয়েই প্রতিযোগিতা শেষ হবে না। দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো মুখোমুখি হবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। আর দুই গ্রুপের চতুর্থ হওয়া দল খেলবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে।ফলে টুর্নামেন্টে বাংলাদেশের চারটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। আর সেই টুর্নামেন্টের অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে ভারতের সরে দাঁড়ানোর কারণে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আসিয়ান কাপ থেকে ভারত নিজেদের নাম প্রত্যাহার করায় ফিফার এই নতুন টুর্নামেন্টে তাদের ফাঁকা জায়গায় বাংলাদেশকে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

/বিএসএস